বিশ্বকাপে দ্রুততম গোলের দৌড়ে নতুন নাম গালারজা
চলমান বিশ্বকাপে দ্রুততম গোলদাতার তালিকায় শীর্ষস্থান বদলে গেছে। মরক্কোর ইসমায়েল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭১ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েছিলেন। তবে সেই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি।
একই দিনে তুরস্কের বিপক্ষে ম্যাচে প্যারাগুয়ের মাতিয়াস গালারজা মাত্র ৬৫ সেকেন্ডে জালে বল পাঠিয়ে সাইবারিকে পেছনে ফেলেন। ফলে এবারের আসরের সবচেয়ে দ্রুত গোলের মালিক এখন গালারজা।
তবে বিশ্বকাপের সর্বকালের দ্রুততম গোলদাতাদের তালিকায় জায়গা হয়নি তাঁর। সেই রেকর্ড এখনও ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করা তুরস্কের হাকান সুকুরের দখলে। আর ইতিহাসের দ্রুততম ১০ গোলের তালিকার শেষ স্থানে রয়েছেন ডেনমার্কের মাথিয়াস জর্গেনসেন, যিনি ২০১৮ বিশ্বকাপে ৫৫ সেকেন্ডে গোল করেছিলেন।